ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রশস্ত করার দাবিতে ব্যতিক্রমী কর্মসূচি হিসেবে ফেসবুকে গণলাইভ করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন ব্যক্তিরা। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫০ জন অংশ নেন। এ সময় সড়কের সংকীর্ণতা, অবৈধ দখল ও দীর্ঘদিনের জনদুর্ভোগের চিত্র তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
স্থানীয়দের অভিযোগ, শিবগঞ্জ বাজারের প্রধান সড়কে প্রতিদিন যানজটের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় মাত্র আধা কিলোমিটার সড়ক পার হতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। সড়কের দুই পাশের কিছু অংশ বাড়ির মালিক ও দোকানদারদের দখলে থাকায় চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। ফলে যানজট ও জনদুর্ভোগ বাড়ছে।
আয়োজকদের দাবি, দীর্ঘদিন ধরে সড়কটি প্রশস্ত করার দাবি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে জনদুর্ভোগের বিষয়টি সবার সামনে তুলে ধরতে গণলাইভের আয়োজন করা হয়।
কর্মসূচির অন্যতম উদ্যোক্তা গণমাধ্যমকর্মী আহসান হাবিব, আল বশরী সোহান, ওয়াহেদুল সাগর, মোস্তাফিজ, নুরুল ইসলাম, ফাইয়াজ রহমান তনয়, হাফিজুর রহমান, ফরহাদ আলী ও রায়হান আলীসহ অন্যরা এ উদ্যোগে যুক্ত ছিলেন।
গণলাইভে অংশগ্রহণকারীরা জানান, সড়ক প্রশস্তকরণ ও দখলমুক্ত করার দাবিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দাবি পূরণে উদ্যোগ নেওয়া না হলে সর্বসাধারণকে সঙ্গে নিয়ে আরও বড় কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়।
এদিকে, গণলাইভের মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগ তুলে ধরায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সড়কটি প্রশস্ত ও দখলমুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করবে।
@ইয়াসমিন রিমা


