ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):২৫ জুলাই: খুলনা মহানগরীর বড় মির্জাপুর এলাকায় অবস্থিত রহমান ছাতা কোম্পানির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে, এবং লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলে উঠে ভবনের একাধিক তলা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর স্টেশন থেকে আরও পাঁচটি ইউনিট এবং রাত ৩টা ৩০ মিনিটে আরও একটি ইউনিট যোগ দেয়। দীর্ঘ প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় রাত ৪টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, “আগুনে দুটি পাঁচতলা ভবনের মোট পাঁচটি তলা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রথম ভবনের তৃতীয় ও চতুর্থ তলা এবং পাশের আরেক ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলা পুড়ে যায়। এখানে ছিল রহমান ছাতা কোম্পানির গুদাম ও উৎপাদন কারখানা।”
আগুনের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মতিউর রহমান বলেন, “ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পাশাপাশি ভবনের বিভিন্ন প্রবেশদ্বারে তালা থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত ভেতরে ঢুকতে সমস্যা হয়েছে।”
স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আগুন আশপাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়তে পারত।
ঘটনাস্থলে এখনো তদন্ত চলছে, এবং কর্তৃপক্ষ আগুন লাগার কারণ উদঘাটনের চেষ্টা করছে।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।