ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহাম্মেদপুর বাজারে চাঁদা না পেয়ে অন্তত ১০টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি এবং তার সহযোগীরা দোকানগুলোতে তালা লাগিয়ে দেন। অভিযোগ রয়েছে, তারা প্রতি দোকান থেকে মাসিক ৫ হাজার টাকা করে চাঁদা দাবি করছিলেন। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক দোকান বন্ধ করে দেন।
ভুক্তভোগীরা তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে অবহিত করলে, নাটোর অস্থায়ী সেনা ক্যাম্প ও বড়াইগ্রাম থানা পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে দোকানের তালা খুলে ব্যবসায়ীদের পুনরায় কার্যক্রম চালু করতে সহায়তা করে এবং অভিযুক্ত চারজনকে আটক করে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বড়াইগ্রাম থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন জানান, “আটককৃতদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান জানান, “ঘটনার বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলীয় রোকনদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”
চাঁদাবাজি, জামায়াত নেতা আটক, নাটোর বড়াইগ্রাম এখন পুলিশি তদন্ত ও মামলার প্রক্রিয়া চলছে।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।