ভেতরের খবর নিউজ ডেস্ক: আগামীকাল রবিবার রাজধানী ঢাকায় মুখোমুখি হচ্ছে দুটি রাজনৈতিক শক্তি। দুপুরে শাহবাগ মোড়ে বিশাল ছাত্র সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, অন্যদিকে বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নতুন রাজনৈতিক ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশ মূলত “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি” স্মরণে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই সংগঠনের কেন্দ্রীয় কমিটি সারাদেশের জেলা ও মহানগর ইউনিটগুলোকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।তবে এবার ব্যতিক্রমী নির্দেশনা হিসেবে ব্যানার, প্ল্যাকার্ড, স্লোগান ও দলীয় শোডাউন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, শহরের চলাচলে জনদুর্ভোগ যাতে না হয়, সেই বিবেচনায় এই সিদ্ধান্ত। একইসঙ্গে ঢাকাবাসীর কাছে অগ্রিম দুঃখও প্রকাশ করেছে সংগঠনটি।
অন্যদিকে, একই দিনে বিকেল তিনটায় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে নতুন ইশতেহার ঘোষণা করবে এনসিপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মানুষকে নিয়ে পরামর্শের ভিত্তিতে এই ইশতেহার চূড়ান্ত করা হয়েছে।
নেতারা জানিয়েছেন, এটি হবে ‘নতুন বাংলাদেশের পথনির্দেশনা’। ২০২৪ সালের এই দিনে যে জায়গা থেকে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের যাত্রা শুরু হয়েছিল, এবারও সেই ঐতিহাসিক দিনেই ঘোষিত হচ্ছে নতুন দিকনির্দেশনা।
রাজধানীর কেন্দ্রস্থলে একই দিনে এভাবে দুটি কর্মসূচি ঘিরে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। যানজট ও নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত থাকবে বলে জানা গেছে।