ভেতরের খবর নিউজ ডেস্ক:বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে গভীর সমুদ্রে মাছ ধরার সময় একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (২ আগস্ট) ভোর রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন অঞ্চলে অভিযান চালিয়ে এফ.বি. পারমিতা নামের ট্রলারটি জব্দ করা হয়। ট্রলারটিতে ছিলো বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও ইলিশ।
অভিযানে অংশ নেয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী। আটক জেলেরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা বলে নিশ্চিত করা হয়েছে।
মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, “নৌবাহিনী তাদের নিয়মিত টহলের অংশ হিসেবে গভীর সমুদ্রে এ অভিযান চালায়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দ করা মাছ সরকারি নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।”
মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, “সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সোমবার তাদের আদালতে পাঠানো হবে।”
এর আগেও গত ১৪ জুলাই একই এলাকা থেকে আরও দুটি ভারতীয় ট্রলার — এফ.বি. ঝড় ও এফ.বি. মঙ্গলচণ্ডী — সহ ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছিল নৌবাহিনী।
সামুদ্রিক সম্পদ রক্ষায় বারবার বিদেশি ট্রলারের এই অনুপ্রবেশ এখন জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।