ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):পাবনা জেলার আতাইকুলা থানাধীন লক্ষ্মীপুর ইউনিয়নের চতরা বিলের গভীরে গোপন আস্তানায় অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করা হয়।
আটকরা হলেন—পাবনা সদরের নিয়ামতপুর ইউনিয়নের মনিরুল ইসলাম (৩০) ও মালিগাছা খুদাইপুর গ্রামের রেজাউল (৪০)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চতরা বিলের দুর্গম এলাকায় ময়েজ বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ অভিযান চালিয়ে লুকানো আস্তানা থেকে অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গান পাউডারসহ সরঞ্জাম উদ্ধার করে। এছাড়া একটি ওয়ান সুটার গান, একটি রিভলবার ও তিন রাউন্ড তাজা গুলিও জব্দ করা হয়।
আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল্লাহ জানান, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরা বিলকে আস্তানা হিসেবে ব্যবহার করছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে স্থানীয়দের জিম্মি করে রেখেছিল। উদ্ধারকৃত কারখানা ধ্বংস করা হয়েছে এবং আটক দুজনকে থানায় নেয়া হয়েছে। এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে অস্ত্রসহ মহড়া দিত ময়েজ বাহিনী। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।
পুলিশ জানিয়েছে, পুরো চতরা বিল এলাকায় এখনও অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।


