ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ঘৃণা ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে দেশের কিছু গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (২২ আগস্ট) এক বিবৃতিতে সরকার জানায়, ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক প্রচার হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার বক্তব্য প্রচার ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও গত ডিসেম্বরে তার ঘৃণামূলক বক্তব্য প্রচার নিষিদ্ধ করেছে। তবুও কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ অমান্য করে তার বক্তব্য প্রচার করেছে।
অন্তর্বর্তী সরকার জানায়, শেখ হাসিনা জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যার নির্দেশসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন। ইতোমধ্যেই আওয়ামী লীগের কার্যক্রম দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে তার বা দলের যেকোনো বক্তব্য, বক্তৃতা বা প্রচার-প্রসার আইনের লঙ্ঘন।
সরকার আরও জানায়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ন্যায়বিচার ও জবাবদিহিতার ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের কাজ চলছে। এ সময়ে শেখ হাসিনার বক্তব্য প্রচার দেশের গণতান্ত্রিক উত্তরণকে ক্ষতিগ্রস্ত করবে এবং জনগণকে বিভ্রান্ত করবে। তাই যেকোনো সংবাদমাধ্যম নিষেধাজ্ঞা অমান্য করলে আইনি জবাবদিহিতার মুখোমুখি হবে।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।