ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): জামায়াত ধর্মের নামে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে ‘বেহেস্তের টিকিট’ দেখিয়ে ভোট চাইছে জামায়াত, যা ধর্ম ও রাজনীতির নামে প্রতারণা ছাড়া আর কিছু নয়।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রামগতির আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
আযম খান বলেন, জামায়াত একদিকে ৩০০ আসনে মনোনয়ন দিয়েছে, অন্যদিকে পিআরের জন্য আন্দোলনের কথা বলছে। এটা জাতির সঙ্গে প্রতারণা। তিনি অভিযোগ করেন, ভোট না দিলে জানাজা পড়ানো হবে না—এমন বিভ্রান্তিকর প্রচারণা দিয়ে মা-বোনদের প্রতারিত করছে তারা।
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানকে স্বাধীনতার সঙ্গে মেলানো যাবে না। স্বাধীনতা এসেছে একবারই, ১৯৭১ সালে। আমরা সেই মুক্তিযুদ্ধের উত্তরসূরি, বিএনপি সেই চেতনা ধারণ করে।” তিনি অভিযোগ করেন, শেখ মুজিব থেকে শেখ হাসিনা পর্যন্ত আওয়ামী লীগ দুর্নীতি, ব্যাংক লুট ও ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে এবং হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।
দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সেই নির্বাচনের জন্য প্রস্তুত, তবে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা তা ঠেকাতে চাইছে।
সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সভাপতিত্ব করেন রামগতি পৌর বিএনপির আহ্বায়ক সাহেদ আলী পটু। প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফে সহ-সভাপতি ওয়াহেদ উদ্দিন হ্যাপি, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান ও রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন প্রমুখ।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।