ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা, শনিবার (২৩ আগস্ট): নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাসসের পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
গত ৩০ মে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরার পর গত সপ্তাহে আবার অসুস্থ হয়ে পড়লে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার দেহে খনিজের ভারসাম্যহীনতা, শ্বাসকষ্ট, ইউরিন সমস্যা ও রক্তচাপের ওঠানামাসহ বিভিন্ন জটিলতা ছিল। অসুস্থ হওয়ার পর থেকেই তিনি নির্বাক ও নিঃসাড় ছিলেন।
১৯৪২ সালের ১ মার্চ নাটোরে জন্ম নেওয়া আলমগীর মহিউদ্দিন চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে রাজশাহী কলেজে ভর্তি হন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
১৯৭০-এর দশক থেকে সাংবাদিকতায় সক্রিয় হয়ে ওঠেন তিনি। বাংলাদেশ টাইমসের বার্তা সম্পাদক এবং নিউনেশনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই নয়া দিগন্তের সম্পাদক হিসেবে যুক্ত হন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক। বড় মেয়ে কানাডায় বসবাস করছেন। চার বছর আগে তার স্ত্রী মৃত্যুবরণ করেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর