ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্যে উন্নয়নের বড় সম্ভাবনা দেখছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তিনি বলেছেন, প্রয়োজনীয় পদক্ষেপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ বাণিজ্য বহুগুণ বাড়ানো সম্ভব।
রবিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক হাফিজুর রহমান।
জাম কামাল খান বলেন, পর্যটন, সংস্কৃতি, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন, আইসিটিসহ নানা খাতে দুই দেশের জন্য বড় সুযোগ রয়েছে। চট্টগ্রাম সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প পাকিস্তানের জন্য বিশেষভাবে সম্ভাবনাময়। পাশাপাশি ত্রিপাক্ষিক বাণিজ্যের মাধ্যমে আফ্রিকা ও মধ্য এশিয়ার বাজার ধরার সুযোগও রয়েছে।
এফবিসিসিআইর প্রশাসক হাফিজুর রহমান বলেন, পারস্পরিক সহযোগিতা বাড়লে বাণিজ্য ঘাটতি কাটিয়ে সম্পর্ক উন্নত হবে। তিনি কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণ, এমএসএমই, টেক্সটাইল, অটোমোবাইলসহ বিভিন্ন খাতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর ব্যবসায়ী পর্যায়ে ডেলিগেশন আদান-প্রদান ও ভিসা সহজীকরণের প্রয়োজনীয়তার কথা জানান।
সভায় বক্তারা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) চালুর তাগিদ দেন। একইসাথে বাংলাদেশ থেকে চা ও পাটপণ্য আমদানির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর