ভেতরের খবর নিউজ ডেস্ক: তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা আজ বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
বেলা দেড়টার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, জলকামান ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইম মির্জা বলেন,
“মিছিলের সামনে ছিলাম। হঠাৎ বিকট শব্দের সঙ্গে কিছু একটা এসে আমার বাম পায়ে আঘাত করে।”
এর আগে সকাল ১১টার দিকে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন—
1. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার বন্ধ করা।
2. ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা।
3. দশম গ্রেডের চাকরিতে প্রবেশাধিকার শুধু স্নাতক প্রকৌশলীদের জন্য সংরক্ষণ।
গতকালও শিক্ষার্থীরা একই দাবিতে টানা পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেছিলেন।