ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে হল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনার পর হল প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে জালালকে বহিষ্কার করেন এবং তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা নেওয়ার কথা জানান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রুমমেটের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে জালাল ছুরিকাঘাত করেন। রবিউল হক বলেন, রাতে শব্দ করার প্রতিবাদ করায় জালাল তাকে বহিরাগত ও অবৈধ আখ্যা দিয়ে আক্রমণ করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জালালকে পুলিশে সোপর্দ করেছে। প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না।
এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মুহসীন হলের প্রভোস্টের পদত্যাগ দাবি করেছে। প্রক্টর জানান, শিক্ষার্থীরা উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে দাবিদাওয়া জানালে তা বিবেচনায় নেওয়া হবে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর