বেতরের খবর নিউজ ডেক্স : জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা নিয়ে দলগুলোর কাছ থেকে পাওয়া আপত্তি ও পরামর্শ সমন্বয় করে খসড়ায় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। আজ বৃহস্পতিবার আবার বৈঠক বসবে। চূড়ান্ত করার পর আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করবে কমিশন।
অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত ছয়টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। তবে বাস্তবায়ন পদ্ধতি ও অঙ্গীকারনামা নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। বিএনপি মনে করে আইনবিধি-সংক্রান্ত প্রস্তাব অধ্যাদেশের মাধ্যমে এবং সাংবিধানিক সংস্কার সংসদে বাস্তবায়ন করা উচিত। জামায়াতে ইসলামী গণভোট বা রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে বাস্তবায়ন চায়। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণপরিষদ গঠন ও সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে।
কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, দলগুলোর মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সমন্বিতভাবে সবার মতামতের প্রতিফলন ঘটানো এবং সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি শক্তিশালী করতে খসড়ায় কিছু সংশোধনী আনা হতে পারে।
বৈঠকে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ ছাড়াও সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর