ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন।
রোববার (৩১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতেই বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে নারী শিক্ষার্থীসহ কয়েকজন আহত হন। খবর পেয়ে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসে হামলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। এতে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন নিয়ে একাডেমিক কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় ক্ষুব্ধ পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা সভায় উপস্থিত উপাচার্যসহ ২২৭ শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন এবং ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।