আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে ভিপি পদপ্রার্থী আব্দুল কাদেরের আবেগঘন বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের এই প্রার্থী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন— “আমার ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই।”
কাদের অভিযোগ করেন, তার দেওয়া একটি বক্তব্য কাটছাঁট করে প্রপাগান্ডা চালানো হচ্ছে। এর ফলে তিনি নিয়মিত মানসিক চাপের মধ্যে রয়েছেন। পোস্টে তিনি লেখেন, “সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই প্রতিনিয়ত পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এরপর থেকে আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে উঠি, শরীর কাঁপতে থাকে।”
শুধু অনলাইন আক্রমণেই সীমাবদ্ধ নেই বলে জানান তিনি। কাদেরের ভাষায়, “অনলাইনে হেনস্তাটা যদি কেবল আমার মধ্যে সীমাবদ্ধ থাকতো মানা যেতো। কিন্তু এখন বাড়িতে গিয়েও আমার আম্মাকে কথা শুনানো হচ্ছে।”
তিনি আরও লিখেছেন, “১০ দিন আগের বক্তব্য কাটছাঁট করে প্রচার না চালালেও পারতো। পুরো বক্তব্য দেখালে মানুষ আসল সারমর্ম বুঝতে পারতো। এখনো ৫ দিন বাকি, ততদিনে কি হবে ভেবে আমি আরও বেশি ট্রমাটাইজড হয়ে যাই।”