আজ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মোঃ খোদা বখস চৌধুরী এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল ডিআইজি সাইফুল ইসলামের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ পুলিশ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট যৌথভাবে একটি বিশেষ উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত জানায়।
আলোচনায় জানানো হয়, অবিভক্ত ভারতের আসানসোলে পথের ধুলোর মাঝে পুলিশের দারোগা রফিজউল্লাহ আবিষ্কার করেছিলেন নজরুলের প্রতিভা। তাঁর যত্ন ও সহযোগিতায় কবি কাজী নজরুল ইসলামের জীবনধারা নতুন মোড় নেয়। সেই ইতিহাসকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ এখন রফিজউল্লাহর উত্তরাধিকারকে নিজেদের সামাজিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে তুলে ধরতে যাচ্ছে।
উদ্যোগ অনুযায়ী দেশের প্রতিটি থানার দারোগা বা ওসি অন্তত একজন করে অসচ্ছল, মেধাবী, ঝরে পড়া বা এতিম শিক্ষার্থীর দায়িত্ব নেবেন। তাদের প্রতিভা বিকাশ ও শিক্ষাজীবন এগিয়ে নিতে সহায়তা করবেন। এতে করে ভবিষ্যতে সমাজে আরও অনেক নজরুল তৈরি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোঃ লতিফুল ইসলাম শিবলী জানান—“বাংলাদেশ পুলিশ জন্ম দিতে চায় অসংখ্য রফিজউল্লাহদের, যারা জাতির ভবিষ্যৎ নজরুলদের পথপ্রদর্শক হবে। এই উদ্যোগের মধ্য দিয়ে প্রমাণ হবে— বাংলাদেশের পুলিশ ‘ক্ষমতার নয়, জনতার’।”