ইন্দোনেশিয়ায় চলমান গণবিক্ষোভ ও সহিংসতায় দেশজুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে। পার্লামেন্ট সদস্যদের জন্য অতিরিক্ত ভাতা ও সুযোগ-সুবিধা ঘোষণাকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এখন রূপ নিয়েছে সরকারবিরোধী বিক্ষোভে।
রাজধানী জাকার্তাসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক এবং কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, সরকার অযথা কঠোর দমননীতি অনুসরণ করছে।
বিক্ষোভকে কেন্দ্র করে প্রেসিডেন্ট প্রবোভো সুবিয়ান্তো প্রথমে চীন সফর বাতিল করলেও পরে বিদেশ সফরে যাওয়ায় দেশজুড়ে সমালোচনা আরও বেড়েছে। যদিও তিনি সংসদ সদস্যদের জন্য ঘোষিত কিছু বিশেষ ভর্তুকি বাতিল করেছেন, তবুও আন্দোলন থামেনি।
এরই মধ্যে সরকার রাজধানী ও গুরুত্বপূর্ণ শহরে সেনা মোতায়েন করেছে। সমালোচকরা বলছেন, এ পদক্ষেপ ইন্দোনেশিয়ার পুরনো সামরিক শাসনের ছায়া ফিরিয়ে আনছে।
সরকারের স্থিতি এখন সবচেয়ে বড় পরীক্ষার মুখে। জনআস্থা পুনরুদ্ধার না হলে বা আন্দোলন যদি আরও বিস্তৃত হয়, তবে দেশটিতে সরকার পতনও ঘটতে পারে।
ইন্দোনেশিয়া এখন এক অগ্নিপরীক্ষার মুখে দাঁড়িয়ে—যেখানে সরকার টিকে থাকবে নাকি পতনের দিকে এগোবে, তা নির্ভর করছে আগামী কয়েক দিনের ওপর।


