ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে ফের বড়সড় নাশকতার হুমকি মিলেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে স্থানীয় ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে আসে ভয়াবহ বার্তা ৩৪ জন আত্মঘাতী জঙ্গি ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক নিয়ে শহরে প্রবেশ করেছে।
বার্তা পৌঁছানোর সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ঘটনাটি জানানো হয়েছে দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দাদেরও।
মুম্বাই পুলিশ জানিয়েছে,জঙ্গিরা ৩৪টি গাড়ি ব্যবহার করে শহরে প্রবেশ করেছে।
পরিকল্পনা অনুযায়ী, ২৬/১১ হামলার ধাঁচে একাধিক বিস্ফোরণ ঘটানো হতে পারে।৪০০ কেজি আরডিএক্স দিয়ে মুহূর্তেই ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব।গোয়েন্দা তথ্যে জানা গেছে, অন্তত ১৪ পাকিস্তানি জঙ্গি ইতোমধ্যে ভারতে ঢুকেছে।
এরই মধ্যে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ‘উচ্চ লাল সতর্কতা’ জারি করা হয়েছে। রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, আন্তর্জাতিক বিমানবন্দরসহ জনবহুল এলাকায় চলছে চিরুনি তল্লাশি।
তবে কে বা কারা পুলিশকে হুমকির এই বার্তা পাঠিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


