ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর অতিরিক্ত আলু বিদেশে রপ্তানি করা হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে পৌঁছে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এসময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ বশির উদ্দিন বলেন, হিমাগারে সংরক্ষিত আলুর মূল্য নির্ধারণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বাজার স্থিতিশীল রাখা ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের চাহিদা মিটে গেলে অতিরিক্ত আলু রপ্তানির মাধ্যমে বাজার সংকট অনেকটাই নিরসন হবে।
পরে তিনি মর্তুজাপুরে জুমার নামাজ আদায় করেন এবং শ্বশুর সাবেক সংসদ সদস্য আব্দুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।