ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো ‘বেশ ইতিবাচক’ সম্পর্ক রয়েছে।
মোদি লিখেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেগ ও ইতিবাচক মূল্যায়নের প্রশংসা করেন তিনি এবং এর প্রতিদান দিতে ভারত বদ্ধপরিকর। তাঁর ভাষায়, দুই দেশের মধ্যে ভবিষ্যতমুখী সর্বাত্মক বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব বিদ্যমান।
এর আগে ট্রাম্প বলেন, তিনি সব সময় মোদির বন্ধু থাকবেন। যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে এবং নয়াদিল্লির বিরুদ্ধে রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনে মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে সহায়তার অভিযোগ তুলেছে। এতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে।
তবে মোদি-ট্রাম্প দুজনই জনতুষ্টিবাদী নেতা হিসেবে পরিচিত। ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ট্রাম্প বলেছিলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক আছে, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
সম্প্রতি মোদি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে চীন সফর করেছেন সাত বছর পর এটাই তাঁর প্রথম সফর। এটি দুই এশীয় শক্তির সম্পর্কে কিছুটা উষ্ণতা ফেরার ইঙ্গিত দিলেও বিষয়টি ট্রাম্পকে বিরক্ত করেছে। কারণ, পাকিস্তান-ভারত শান্তি উদ্যোগের কৃতিত্ব নিতে চান তিনি। তবে কাশ্মীর ইস্যুতে ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করায় ট্রাম্পের অসন্তোষ প্রকাশ পায়।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর