ভেতরের খবর নিউজ ডেক্স : আজ রাতে বিশ্ববাসী উপভোগ করতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্য—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশসহ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাবে এই চমকপ্রদ ‘ব্লাড মুন’।
সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। এর ফলে চাঁদ গাঢ় লাল আভায় দৃশ্যমান হয়। বৈজ্ঞানিকভাবে একে বলা হয় ব্লাড মুন, যা যুগে যুগে আকাশপ্রেমীদের মুগ্ধ করে আসছে।
বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে পূর্ণগ্রাস গ্রহণ, আর শেষ হবে রাত ১২টা ৫২ মিনিটে। এশিয়ার ভারত ও চীন থেকে সবচেয়ে ভালোভাবে দেখা যাবে এই গ্রহণ। পাশাপাশি বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে স্পষ্টভাবে উপভোগ করা যাবে দৃশ্যটি। এছাড়া আফ্রিকার পূর্বাংশ ও অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল থেকেও এটি দৃশ্যমান হবে।
উত্তর আয়ারল্যান্ডের কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের জ্যোতির্পদার্থবিদ রায়ান মিলিগান জানিয়েছেন, চন্দ্রগ্রহণকালে সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে প্রতিসৃত হয়ে চাঁদে পৌঁছায়। এ সময় নীল আলোর ছোট তরঙ্গদৈর্ঘ্য সহজে বিক্ষিপ্ত হয়ে যায়, আর লাল আলো প্রতিসৃত হয়ে চাঁদকে রক্তাভ রূপে উপস্থাপন করে।
সূর্যগ্রহণের মতো চশমা বা বিশেষ যন্ত্রপাতি ছাড়াই খালি চোখে দেখা যাবে আজকের গ্রহণ। শুধু চাই একটি পরিষ্কার আকাশ।
এর আগে সর্বশেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল চলতি বছরের মার্চে, আর তার আগেরটি হয়েছিল ২০২২ সালে।


