ভেতরের খবর নিউজ ডেস্ক: কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসার দ্বিতীয় তলা থেকে এক বিশ্ববিদ্যালয়ছাত্রী ও তাঁর মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) এবং তাঁর মা তাহমিনা বেগম (৫২)।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে নিহতদের বড় ছেলে আইনজীবী তাজুল ইসলাম ফয়সাল বাসায় ফিরে মায়ের ও বোনের নিথর দেহ দেখতে পান। পরে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহতদের দেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও সুমাইয়ার গলায় দাগ ও তাহমিনার চোখে রক্তাক্ত চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল ভবনের নিচতলায় থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
নিহতদের বড় ছেলে বলেন, “আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। আমরা সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর