ভেতরের খবর নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণ করেছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
সকালে সিনেট ভবনে ভোট গণনার কাজে যোগ দিতে গিয়েছিলেন তিনি। তবে সিনেট হলের দরজার সামনে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, রাতে সব হলের ভোট গণনা শেষ না হওয়ায় সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল। সেই কাজেই অংশ নিতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন।
অধ্যাপক জান্নাতুল ফেরদৌসীর অকাল মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।