ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্রশিবির। নিহতের দুই সন্তানের খরচ বাবদ সংগঠনটির পক্ষ থেকে নগদ দুই লাখ টাকা প্রদান করা হয়েছে।
শুক্রবার রাতে নবনির্বাচিত ডাকসু নেতারা ও শিবিরের কেন্দ্রীয় নেতা-কর্মীরা নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন। এ সময় তারা পরিবারের খোঁজখবর নেন এবং সহায়তার অর্থ হাতে তুলে দেন।
ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি লিখেছেন, “ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান, চার বছরের আয়াত ও দেড় বছরের আজমীন।”
ফরহাদ জানান, প্রাথমিকভাবে দুই লাখ টাকা দেওয়া হলেও ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ছাত্রশিবির। তিনি সকলের কাছে নিহত সাংবাদিকের দুই সন্তানের জন্য দোয়া প্রার্থনা করেন।


