ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র এক ভোট পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান। তবে এই এক ভোটই তাকে ভিন্ন মাত্রার আলোচনায় নিয়ে এসেছে।
রাকিবুল জানান, নিজের ভোট নিজেকে দেননি। তার ভোট দিয়েছেন অন্য এক প্রার্থী। অথচ একমাত্র ভোটটি এসেছে বেগম রোকেয়া হল থেকে। কে সেই ভোটারএখন সেটিই জানার চেষ্টা করছেন তিনি।
এই ভোটারকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন রাকিবুল। পোস্টে তিনি উল্লেখ করেছেন, যদি সেই নারী ভোটারকে খুঁজে পান, তবে তাকেই বিয়ে করতে চান। তবে এখনও তার খোঁজ পাননি।
ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৫ জন প্রার্থী। এর মধ্যে ২২ জন পান ১০ ভোটেরও কম। শুধু রাকিবুল নন, আরও দুজন প্রার্থী—মো. সুজন হোসেন ও রাসেল হক মাত্র একটি করে ভোট পেয়েছেন। এছাড়া মো. নাসিম উদ্দিন, মো. সোহানুর রহমান ও মো. হাবিবুল্লাহ পেয়েছেন দুটি করে ভোট।
রাকিবুল বলেন, “আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়া। এবার সেই সুযোগ পেয়ে অংশগ্রহণ করাটাই আমার জন্য সবচেয়ে বড় অর্জন।”


