ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রতি বছর ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হয় অমর একুশে গ্রন্থমেলা। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের সময়সূচি মাথায় রেখে ভিন্ন সময়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, এবারের অমর একুশে বইমেলা শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর এবং চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।
সভায় জানানো হয়, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে নির্বাচনের পরপরই শুরু হবে পবিত্র রমজান। এ কারণে ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরেই বইমেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলা একাডেমির মহাপরিচালক বলেন,”অমর একুশে বইমেলা আমাদের ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তারিখ পরিবর্তন হলেও মেলার মূল ভাবনা ও আবহ অপরিবর্তিত থাকবে। পাঠক, লেখক ও প্রকাশকরা একই উদ্দীপনা নিয়ে অংশ নেবেন।”
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা জানান, আগেভাগেই মেলার সময়সূচি ঘোষণা করায় প্রকাশকরা প্রস্তুতি নিতে পারবেন এবং বই প্রকাশ ও বিপণন কার্যক্রমে গতি আসবে।
এবারের বইমেলায়ও আগের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বিস্তৃত আঙ্গিকে স্টল ও প্যাভিলিয়ন নির্মাণ করা হবে। নতুন লেখকদের বই প্রকাশ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে মেলা প্রাঙ্গণে।


