ভেতরের খবর নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ অক্টোবর। এ নির্বাচনে ভোট দেবেন প্রায় ২৭ হাজার শিক্ষার্থী। ইতিমধ্যে ১ হাজার ১৬২ শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সব প্রক্রিয়ায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থা রাখা হবে। ক্যাম্পাসজুড়ে বসানো হবে সিসিটিভি ক্যামেরা এবং তাৎক্ষণিকভাবে ফলাফল দেখাতে ১৪টি এলইডি স্ক্রিন স্থাপন করা হবে, যার খরচ প্রায় ১০ লাখ টাকা। ব্যালট পেপার ও বাক্স তৈরি, বুথ স্থাপন, ওএমআর মেশিনে ফলাফল গণনা, পরিবহন, নিরাপত্তা এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক–কর্মচারীদের সম্মানীসহ মোট বাজেট ধরা হয়েছে ৬০ থেকে ৭০ লাখ টাকা, যা আরও বাড়তে পারে।
ভোটের দিন শাটল ট্রেন প্রতি ঘণ্টায় চলবে বলে জানানো হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।
নির্বাচন ঘিরে ক্যাম্পাস এখন সরগরম হলেও নিরাপত্তা ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা রয়েছে। সম্প্রতি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ এবং প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অনশন সেই উদ্বেগ আরও বাড়িয়েছে। তবে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানিয়েছেন, সুষ্ঠু ও স্বচ্ছভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


