ভেতরের খবর নিউজ ডেস্ক: কুমিল্লার হোমনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক পোস্টের জেরে চারটি মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার আসাদপুর গ্রামে হামলার ঘটনা ঘটে। আক্রান্ত মাজারগুলো হলো—কফিল উদ্দিন শাহ, আবদু শাহ, কালাই (কানু) শাহ এবং হাওয়ালি শাহের মাজার। হামলাকারীরা একাধিক বসতঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়, এতে ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় হোমনা থানার এসআই তাপস কুমার সরকার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েক শ জনকে আসামি করে মামলা করেছেন। হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
অন্যদিকে, কটূক্তিমূলক পোস্টের অভিযোগে গ্রেপ্তার হওয়া কফিল উদ্দিনের নাতি মহসিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে, যা রোববার বা সোমবার শুনানি হতে পারে।
হামলার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভক্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে কটূক্তি করেছে তার বিচার হোক, কিন্তু মাজারে হামলার দায় কেন মাজারের উপর আসবে?” পুলিশ মাজারগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


