ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই মুহূর্তে কোনো জোটভিক্তিক চিন্তাভাবনা নেই এনসিপির। দলটি নিজস্ব লক্ষ্য নিয়েই এগোবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সমন্বয় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সংস্কারের আইনিভিত্তির জন্য গণপরিষদ নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তিনি আরো জানান, এনসিপি নিবন্ধন পাওয়ার অপেক্ষায় আছে এবং শাপলা প্রতীক পেতে চায়।
সভায় জেলা-উপজেলা সমন্বয়ক কমিটির প্রতিনিধি, এনসিপির যুব উইং যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্রসংগঠনসহ অঙ্গ সংগঠনের নেতারা অংশ নেন। সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের সাথে তারা খোলামেলা আলোচনা করেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা নিম্নকক্ষে পিআর চাই না, বরং উচ্চকক্ষে অংশগ্রহণমূলক সংসদ চাই। জুলাই সনদের বাস্তবায়নই আমাদের লক্ষ্য।”
তিনি গণমাধ্যমকে দলের শেষ ভরসা উল্লেখ করে বলেন, প্রবাসীদের সঙ্গে মতবিনিময় শেষে এনসিপি এখন দ্বিগুণ গতিতে এগোচ্ছে।
এনসিপি আহ্বায়ক আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের পর ছাত্র সংসদ নির্বাচনের দাবি প্রথম তারাই তুলেছিল। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিগগিরই হবে। ছাত্রদের নেতৃত্ব নিশ্চিত করতে এসব নির্বাচন গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


