ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি ও ঋণসংক্রান্ত নথিপত্রের সন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার শিকলবাহা ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ করা হয়।
দুদক সূত্র জানায়, সাবেক মন্ত্রীর দুই সহযোগী মো. আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়। দুজনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, জাবেদের স্ত্রীর ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদারের বাসায় বিপুল পরিমাণ নথিপত্র লুকিয়ে রাখা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ও শুক্রবারও দুদক ওই বাড়িতে অভিযান চালালেও কিছু পাওয়া যায়নি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনিবার রাতে আবার অভিযান চালানো হয় এবং নথিপত্র উদ্ধার হয়।
অভিযানে দুদকের ঢাকা কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি দল, স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম এবং কর্ণফুলী থানার পুলিশ উপস্থিত ছিলেন।
দুদক কর্মকর্তা মশিউর রহমান বলেন, “আমরা ২৩ বস্তা নথিপত্র জব্দ করেছি। এগুলো যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।”
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর