ভেতরের খবর নিউজ ডেস্ক: মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭), ছেলে আলভী (৭) ও মেয়ে সায়মা আক্তার (২)।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ সময় অ্যালুমিনিয়াম ফসফাইট জাতীয় বিষের ট্যাবলেটও পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।
প্রতিবেশীরা জানান, সকালে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে গিয়ে বাসার দরজায় কোনো সাড়া পাননি তাঁরা। পরে বাড়ির মালিককে জানানো হলে তিনি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে শিখা আক্তারের মরদেহ বিছানায় এবং দুই সন্তানের মরদেহ খাটের নিচে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
জানা গেছে, নিহত শিখা আক্তার ছিলেন শাহীন দেওয়ানের দ্বিতীয় স্ত্রী। এক মাস আগে তিনি মালয়েশিয়া যান। এর আগে তিনি দেশে হ্যালোবাইক চালাতেন। নিহত দুই সন্তানের মধ্যে আলভী প্রথম সংসারের এবং সায়মা দ্বিতীয় সংসারের সন্তান।
পুলিশ বলছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর