ভেতরের খবর নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শরীয়া আইন প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন দলের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। তিনি বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় বিদ্যমান আইন কার্যকর থাকবে না, তবে নাগরিকরা বর্তমান আইনের চেয়ে বেশি অধিকার ভোগ করবে।
সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে কবির আহমদ বলেন, নারীদের বোরকা পরা বাধ্যতামূলক করা হবে না, তবে তারা শরীয়ার নির্দেশিত পর্দা মেনে চলবে। এ সময় তিনি স্পষ্ট করে জানান, নারীরা চাইলে কাজ করতে পারবে, চলাফেরায় কোনো বাধা দেওয়া হবে না। উদাহরণ টেনে তিনি বলেন, তাঁর মেয়ে চিকিৎসক হিসেবে প্রতিদিন রোগী দেখছেন—ইসলামে নারীর কাজকে অপরাধ বলা হয়নি।
নারীদের নাচ প্রসঙ্গে তিনি আরও বলেন, “নারীরা নাচ শিখলে সেটা শুধুমাত্র নারীদের মাঝেই করতে পারবে। পুরুষদের সামনে নাচার সুযোগ থাকবে না।” অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও কোনো পোশাক চাপিয়ে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
কবির আহমদ দাবি করেন, দেশে ভ্রান্ত ধারণা ছড়ানো হয়েছে যে জামায়াত ক্ষমতায় গেলে নারীরা গৃহবন্দি হয়ে পড়বে। কিন্তু ইসলামই সবচেয়ে বেশি নারী স্বাধীনতা দিয়েছে। তাঁর ভাষায়, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতায় কোনো ধরনের বাধা আসবে না।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর