ভেতরের খবর নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপে ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ধারাবাহিক কর্মসূচি ও সংলাপ সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ‘জনতার রক্তে গঠিত সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে, তার নৈতিক ও আইনগত বৈধতা ক্ষুণ্ন হবে’– মন্তব্য করেন ইউনুছ আহমাদ।
দলটি দাবি করেছে, জুলাই গণ–অভ্যুত্থানের পর সরকারের প্রতি সহায়তা প্রদান সত্ত্বেও স্বৈরতন্ত্র নির্মূল ও নির্বাচনের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারের ধীরগতি, আটক ব্যক্তিদের জামিনে মুক্তি এবং সমানতালে নির্বাচনী পরিবেশ গঠনের উদ্যোগ নেওয়া হয়নি।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর