ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ। তবে প্রতীক নিয়ে জটিলতা থাকায় এনসিপিকে প্রতীক নিশ্চিতে শিগগিরই চিঠি দেবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, মোট ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে প্রাথমিকভাবে ২২টি দল বাছাই করা হয়। অনুসন্ধানের পর এনসিপি ও জাতীয় লীগকে শর্ত পূরণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় লীগ যে প্রতীক চেয়েছে তাতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ইসি। তবে এনসিপির প্রতীক নিয়ে কিছু জটিলতা থাকায় দলটিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।
ইসির পর্যবেক্ষণে বর্তমানে তিনটি দল রয়েছে— বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাসদ (শাহজাহান সিরাজ)। এছাড়া ৯টি দলের কার্যকারিতা যাচাইয়ে আরও তদন্ত করা হবে। এসব দলের মধ্যে রয়েছে আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্স), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ, ভাসানী জনশক্তি পার্টি ও বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ।
অন্যদিকে ৭টি দলের নিবন্ধন আবেদন বাতিল করেছে ইসি। বাতিল হওয়া দলগুলো হলো— ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি ও নতুন বাংলাদেশ পার্টি।
আখতার আহমেদ জানান, প্রাথমিক যাচাই-বাছাই শেষ হলেও এখনও কিছু দলকে ঘিরে তদন্ত অব্যাহত থাকবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে রাজনৈতিক দলগুলোর তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করবে নির্বাচন কমিশন।