ভেতরের খবর নিউজ ডেস্ক: নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে সাত মাস ধরে অসুস্থ। তিনি গত ৬ মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন আছেন।
বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য জানান তার ছেলে মিরাজুল মইন জয়। এ সময় তিনি নিসচার বর্তমান কার্যক্রম ও ইলিয়াস কাঞ্চনের স্বাস্থ্যগত অবস্থা তুলে ধরেন।
জানা যায়, চলতি বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চনের কথা বলায় সমস্যা ও স্মৃতিভ্রংশ দেখা দেয়। গত ৯ এপ্রিল ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষায় তার মাথায় টিউমার ধরা পড়ে। পরে চিকিৎসকরা অস্ত্রোপচারকে ঝুঁকিপূর্ণ বলে মত দিলে তাকে লন্ডনে নেওয়া হয়। সেখানে দীর্ঘ পরীক্ষা–নিরীক্ষার পর গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানিয়েছে, অস্ত্রোপচারের পরও টিউমারের কিছু অংশ রয়ে গেছে, যা রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে ধ্বংস করা হবে। এই চিকিৎসা চলবে অন্তত ৬ সপ্তাহ এবং এরপর আরো ৪ সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।
ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তার ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর