ভেতরের খবর নিউজ ডেস্ক: বুধবার (১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারীর বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে এবং দল হিসেবেও তা নিষিদ্ধ হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক ইমেজ রক্ষার নামে সুশীল সাজতে চাওয়া জাতি মেনে নেবে না।
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, কোনো আইনি বাধা না থাকলেও শাপলা প্রতীক দেয়নি কমিশন। এ অবস্থায় বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ধর্মীয় সম্প্রীতির কথা তুলে ধরে তিনি বলেন, পঞ্চগড়সহ সারা দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে, তাই গুজবকারীদের কোনো সুযোগ দেওয়া হবে না।
পরে তিনি পূজা মণ্ডপ কমিটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর