ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে তাদের কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক ‘শাপলা’ পেতে যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) একাধিক সূত্র জানিয়েছে, এনসিপির আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে ‘শাপলা’ প্রতীক তালিকায় যুক্ত করার উদ্যোগ নিচ্ছে কমিশন।
ইসির সাম্প্রতিক প্রকাশিত গেজেটে ‘শাপলা’ প্রতীক না থাকলেও দলটির অনুরোধে বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে। এরই মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে অনাপত্তি জানিয়েছে।
বিএনপির এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এনসিপিকে শাপলা প্রতীক দিলে আমাদের আপত্তি নেই। প্রতীক ইস্যু নিয়ে ইসির সঙ্গে বিরোধে জড়ানো আমাদের উদ্দেশ্য নয়।”
এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, “শাপলা প্রতীক আমাদের দলের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। এটি শুধু একটি চিহ্ন নয়, জনগণের সঙ্গে দলের সম্পর্কের প্রতীক।”
অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, এনসিপি শাপলা প্রতীক দাবি করায় বিতর্ক তৈরি হলেও তিনি ইসির সিদ্ধান্তে বাধা দেবেন না। তিনি বলেন, “সরকারবিরোধী আন্দোলনে এনসিপির ভূমিকার প্রতি সম্মান জানিয়ে আমি মামলা করব না।”
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ইসি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়। এরপর থেকেই এনসিপি ‘শাপলা’ প্রতীকের জন্য আবেদন জানিয়ে আসছে। ইসি সূত্র জানায়, বিধিমালা সংশোধনের পর প্রতীকটি তালিকাভুক্ত হলে এনসিপিকে ‘শাপলা’ প্রতীক আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেওয়া হবে।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


