ভেতরের খবর নিউজ ডেস্ক: গাজা অভিমুখী কনশানস নামের নৌযান থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীদের বহনকারী নৌবহরকে ইসরায়েলি সেনারা দখল করেছে। কনশানস জাহাজে ছিলেন ৯৩ জন যাত্রী। এর আগে গাজা অভিমুখী আরও তিনটি ছোট নৌযান আটক করে তারা।
এক ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনারা এই ভিডিওটি দেখেন, তাহলে বুঝবেন আমাদের সমুদ্রপথে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলি বাহিনী ধরে নিয়ে গেছে। তারা গাজায় গণহত্যা চালাচ্ছে, যার পেছনে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সরাসরি সহযোগিতা রয়েছে। আমি সবার কাছে আহ্বান জানাই—ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম অব্যাহত রাখুন।”
অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, গাজা উপকূলে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে ফ্লোটিলার। সব জাহাজ ও যাত্রী আটক করে ইসরায়েলি বন্দরে নেওয়া হয়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যাত্রীরা সবাই নিরাপদ ও সুস্থ আছেন এবং দ্রুত তাদের বহিষ্কারের পরিকল্পনা রয়েছে।


