ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রথমবারের মতো বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক। সবকিছু ঠিক থাকলে তিনি আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন।
ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ সময় সংবাদকে জানিয়েছেন, ড. নায়েক তার নিজ উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসছেন।
প্রাথমিকভাবে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠানটি আয়োজনের চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি।
রাজ আরও বলেন, “ইনশাআল্লাহ, ২০ অক্টোবরের পর আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানটির বিস্তারিত ঘোষণা করব।”
দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থানরত ড. জাকির নায়েক দক্ষিণ এশিয়ায় বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয় একজন ইসলামিক চিন্তাবিদ। তার ‘পিস টিভি’ চ্যানেলের মাধ্যমে তিনি ধর্ম, বিজ্ঞান ও যুক্তির আলোকে ইসলামের বার্তা তুলে ধরেন।


