ভেতরের খবর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ঘেরাও কর্মসূচি আজকের মতো স্থগিত করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। তবে দাবি আদায়ে শিক্ষকরা ঘোষণা দিয়েছেন আমরণ অনশন ও অব্যাহত কর্মবিরতির।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকরা এ ঘোষণা দেন। শিক্ষক নেতারা জানান, শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার মধ্যে সরকার তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে তারা আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন।
জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি বলেন,দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বিকেল ৫টার মধ্যে সিদ্ধান্ত না এলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করা হবে।”
তিনি আরও অভিযোগ করেন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার (চৌধুরী রফিকুল আববার) আলোচনার নামে “আইওয়াশ” করেছেন।
বিভিন্ন সংস্থার চাপে আমাদের সঙ্গে প্রহসনমূলক বৈঠক হয়েছে। আমরা বলেছি, অন্তত ডাল-ভাতের ব্যবস্থা করুন, কিন্তু উনি অনড় অবস্থানে ছিলেন— বলেন আজীজি।
আন্দোলনরত শিক্ষকরা তাদের তিন দফা দাবি পুনর্ব্যক্ত করেছেন—২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি। ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান।কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা
তারা দাবি করেছেন, এই মাস থেকেই এসব সুবিধা কার্যকর করতে হবে, আগামী বাজেট পর্যন্ত অপেক্ষা নয়।
অন্যদিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আববার জানিয়েছেন,
“শিক্ষকরা ২০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতার দাবি তুলেছেন। কিন্তু সরকারের সামর্থ্য অনুসারে ৫ শতাংশ কিংবা ন্যূনতম ২ হাজার টাকা দেওয়ার সুপারিশ করা হয়েছে।”
তিনি আরও বলেন, নতুন বেতন কমিশনের মাধ্যমে আগামী বছর শিক্ষকদের জন্য আরও সম্মানজনক কাঠামো তৈরি করতে সরকার সচেষ্ট।
টানা পঞ্চম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সারাদেশের এমপিওভুক্ত প্রতিষ্ঠানেও চলছে কর্মবিরতি।
শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে “এক দফা, কঠোর কর্মসূচি” ঘোষণা করা হবে।


