ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার বেলা সোয়া একটার পর থেকে শুরু হওয়া এই ঘটনায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর ও আগুন দেওয়া হয়। পুলিশের লাঠিপেটায় ‘জুলাই যোদ্ধাদের’ বেশ কয়েকজন আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে নিতে দেখা গেছে।
পুলিশ জানায়, বিক্ষোভকারীরা প্রথমে সংসদ ভবনের ১২ নম্বর গেট টপকে ভেতরে ঢুকে মঞ্চের সামনে স্লোগান দিতে থাকেন। পরে তাঁদের সরিয়ে দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. শহীদুল্লাহ জানান, পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়, পাঁচটি পুলিশ গাড়ি ভাঙচুর হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।
বিকেল নাগাদ মানিক মিয়া অ্যাভিনিউ ও আসাদ গেট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। দুপুর সাড়ে তিনটার দিকে আসাদ গেট মোড়ে সেনাবাহিনীর অবস্থান দেখা যায়।
‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে থাকা আন্দোলনকারীরা জুলাই আন্দোলনে অবদানের স্বীকৃতি, আইনি সুরক্ষা ও পুনর্বাসন দাবি করছেন।
এদিকে আজ বিকেল চারটায় দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল এতে যোগ দিচ্ছে। তবে এনসিপি ও বামধারার চারটি দল আইনি নিশ্চয়তা ও সংশোধিত খসড়া ছাড়া সনদে সই না করার ঘোষণা দিয়েছে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


