ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এখন থেকে কোনো কারখানায় ট্রেড ইউনিয়ন করতে হলে শ্রমিকের সংখ্যা ও কারখানার আকার অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক শ্রমিকের সম্মতি লাগবে।
নতুন বিধান অনুযায়ী
২০–৩০০ শ্রমিক: ২০ জনের সম্মতি
৩০১–৫০০ শ্রমিক: ৪০ জন
৫০১–১,৫০০ শ্রমিক: ১০০ জন
১,৫০১–৩,০০০ শ্রমিক: ৩০০ জন
৩,০০১-এর বেশি শ্রমিক: ৪০০ জন
অধ্যাদেশে বলা হয়েছে, একটি কারখানায় সর্বোচ্চ পাঁচটি ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে, যা আগে ছিল তিনটি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানান। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, “এই সংশোধন আন্তর্জাতিক মান বজায় রেখে করা হয়েছে।”
শ্রমিকনেতা বাবুল আখতার নতুন আইনকে ইতিবাচক বলেছেন, তবে শ্রম দপ্তরের অনিয়ম দূর করার ওপর জোর দিয়েছেন। অন্যদিকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম মনে করেন, সরকারের এ সিদ্ধান্ত ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী হয়নি।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


