ভেতরের খবর নিউজ ডেস্ক: শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কান্দা শেরী এলাকায় পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত একাব্বর (২৮) ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একাব্বর ছিলেন হায়দার আলীর দ্বিতীয় স্ত্রী নাসিমার ছেলে, আর ঘাতক ফারুক একই বাবার তৃতীয় স্ত্রী মুসেদার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) বিকেল থেকে ফারুক সন্দেহ করেন যে, তার স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে বড় ভাই একাব্বরের পরকীয়া সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।
মঙ্গলবার সকালে উত্তেজনার এক পর্যায়ে ফারুক ঘুমন্ত বড় ভাই একাব্বরকে ঘরের ভেতরে ডেকে ধারালো রামদা দিয়ে কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় একাব্বরকে উদ্ধার করে প্রথমে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু পথে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
ফারুকের স্ত্রী মাকসুদা বেগম পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ফারুক নেশাগ্রস্ত অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রমা জানান, একাব্বরের শরীরে একাধিক স্থানে গভীর কোপের আঘাত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, “এটি ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে, তবে এখনো কাউকে আটক করা যায়নি।”
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


