ভেতরের খবর নিউজ ডেস্ক: কোনো রাজনৈতিক জোট গঠন হলেও নিজেদের দলীয় প্রতীকে থেকেই আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে গণঅধিকার পরিষদ—এমন ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
নুর বলেন, “জাতির বৃহত্তর স্বার্থে তরুণদের অংশগ্রহণ ছাড়া স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই গণঅভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হলে আগামী নির্বাচনে নতুন নেতৃত্বকে বেছে নিতে হবে।”
তিনি আরও যোগ করেন, “দেশের তরুণরা উচ্চশিক্ষায় এগিয়ে যাবে, প্রতিটি জেলা-উপজেলায় উন্নতমানের সরকারি চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। যেন মানুষকে চিকিৎসার জন্য ঢাকায় ছুটতে না হয়।”
সমাবেশ শেষে নুরুল হক নুর দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের সূচনা ঘোষণা করেন।