ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই সনদের প্রয়োজন নেই, প্রয়োজন একটি কার্যকর সংসদ, যা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মেজর (অব.) হাফিজ অভিযোগ করেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে আড়াল করার চেষ্টা করছে। তিনি বলেন, “যারা মুক্তিযুদ্ধ করেছে, অন্তর্বর্তী সরকার তাদের ভুলিয়ে দিতে চায়। এখন সরকার কোথাও মুক্তিযুদ্ধের কথা বলে না, বরং একাত্তরের মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। এই সংগ্রামের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা চলে না। এই দেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে।”
এসময় তিনি অভিযোগ করেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার লোভে নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র করছে। তিনি সতর্ক করে বলেন, “যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, তবে দেশপ্রেমিক জনগণ তা প্রতিহত করবে।”