ভেতরের খবর নিউজ ডেস্ক: ভাষা, সংস্কৃতি এবং হাজার মাইলের দূরত্বও পার করতে পারল ভালোবাসা। চীনের এক যুবক, ওয়াং তাও (৩৬), প্রেমের টানে বাংলাদেশে এসেছেন এবং আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তরুণী সুরমা আক্তারের (২২) সঙ্গে আদালতের মাধ্যমে বিয়ে সম্পন্ন করবেন।
ওয়াং তাও চীনের হোয়ানান প্রদেশের ওয়াং ইচাং চাওয়ের ছেলে। সুরমা আক্তার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে। সুরমা বর্তমানে ঢাকার লালবাগে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, দেড় থেকে দুই মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ওয়ার্ল্ড টক’ অ্যাপের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, এবং উভয় পরিবারের সম্মতিতে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন।
সুরমার মা নুরেনা জানিয়েছেন, “আমার মেয়ের ভালোবাসা পেতে চীন থেকে যুবক ব্রাহ্মণবাড়িয়ায় এসেছে। সে কোনো ধর্ম বিশ্বাস করেনা, তবে মেয়েকে বিয়ে করতে প্রয়োজনে ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয়েছে।”
নাসিরনগর থানার কুন্ডা বিট উপপরিদর্শক (এসআই) জাহান-ই-আলম জানান, চীনের যুবক ইংরেজি বোঝেন না, তাই ট্রান্সলেটরের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতেন। “রোববার হলফনামার মাধ্যমে যুবক মুসলিম হবেন এবং তারপর বিয়ে সম্পন্ন হবে। যুবক এক থেকে দেড় মাস থাকবেন, পরে সুরমাকে সঙ্গে নিয়ে যাবেন বা পরে আনা হবে।”
স্থানীয়রা বিয়ের খবর শুনে সুরমার বাড়িতে ভিড় করছেন, আর উভয় পরিবার আনন্দিত ও উত্তেজিত।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর