ভেতরের খবর নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরে এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত উপজেলার মদনপুর এলাকায় ‘লারিস ফ্যাশন’-এর শ্রমিকেরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে চট্টগ্রামমুখী লেনে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মারা যাওয়া শ্রমিকের নাম রিনা আক্তার (৩০)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুলাল হোসেনের মেয়ে এবং লারিস ফ্যাশনের সুইং সেকশনের মেশিন অপারেটর ছিলেন। শ্রমিকদের অভিযোগ, রোববার অসুস্থবোধ করলে রিনা ছুটির আবেদন করেন, কিন্তু কর্তৃপক্ষ তা নাকচ করে তাঁকে কাজ চালিয়ে যেতে বাধ্য করে। কিছুক্ষণ পর কর্মস্থলেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অসুস্থ অবস্থায়ও ছুটি না দেওয়ার অভিযোগে শ্রমিকেরা কারখানা কর্তৃপক্ষকে দায়ী করে দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নামেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে এবং ক্ষতিপূরণের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন।
লারিস ফ্যাশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শিমুল বলেন, ‘অসুস্থ হলে রিনাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। এখানে কোনো গাফিলতি ছিল না। আমরা দাফনসহ পরিবারের সহায়তার উদ্যোগ নিয়েছি এবং সংশ্লিষ্ট ফ্লোরের দায়িত্বপ্রাপ্তদের বরখাস্তের সিদ্ধান্তও নিয়েছি।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, শ্রমিকদের অভিযোগের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর