ভেতরের খবর নিউজ ডেস্ক: মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন মনোনয়নবঞ্চিত নেতা সাজ্জাদ হোসেন ওরফে লাভলু সিদ্দিকীর অনুসারীরা। সোমবার (৩ নভেম্বর) রাত আটটার দিকে পাঁচ্চর গোলচত্বরে এ বিক্ষোভ শুরু হয়ে দুই ঘণ্টা ধরে চলায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিএনপির ঘোষিত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হলে লাভলু সিদ্দিকীর অনুসারীরা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীরা কামাল জামানকে প্রার্থীতা থেকে বাদ দিয়ে লাভলু সিদ্দিকীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
হাইওয়ে পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষোভকারীদের শান্ত করতে বারবার অনুরোধ জানানো হলেও তারা অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানায়। “তারা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে থাকে এবং লাভলু সিদ্দিকীর পক্ষে অবস্থান নেয়,” বলেন এই পুলিশ কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা কাঠ ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে উভয়পাশে অন্তত আট কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়। যশোর থেকে ঢাকাগামী যাত্রী দিলীপ মোদক বলেন, “রাত পৌনে আটটা থেকে আমরা আটকা পড়ে আছি। পাঁচ্চর গোলচত্বরে আগুন জ্বালিয়ে মানুষ স্লোগান দিচ্ছে, গাড়ি নড়ছে না।”
এ বিষয়ে সাজ্জাদ হোসেন ওরফে লাভলু সিদ্দিকী বলেন, “যারা বিএনপির আদর্শের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন, তারা বঞ্চিত।”
পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে রাত সাড়ে নয়টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। রাত ৯টা ৫০ মিনিটের দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।