ভেতরের খবর নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সর্বনিম্ন ১০ হাজার টাকায় মনোনয়ন ফরম বিক্রি করবে। দেশের যেকোনো নাগরিক এই ফরম সংগ্রহ করতে পারবেন, তবে তার আগে দলটির প্রাথমিক সদস্য ফরম পূরণ করতে হবে।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উন্মুক্ত করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা মনোনয়ন ফরমের মূল্য রেখেছি সর্বনিম্ন ১০ হাজার টাকা, তবে কেউ চাইলে এর বেশি দিতেও পারেন।” তিনি জানান, মূলত সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতেই এনসিপি মনোনয়ন ফি কমিয়ে এনেছে।
এ ছাড়া আর্থিকভাবে অসচ্ছল, আহত বা কুলি–মজুর শ্রেণির প্রার্থীদের জন্য মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ২ হাজার টাকা। তিনি বলেন, “যাঁরা আমাদের সঙ্গে অঙ্গীকার করবেন, তাঁরা নামমাত্র ফি দিয়েই ফরম নিতে পারবেন। দল পরিচালনার খরচের জন্যই এ ন্যূনতম ফি রাখা হয়েছে।”
অনলাইনে nomination.ncpbd.org ওয়েবসাইটে আবেদন করে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। পাশাপাশি মাঠপর্যায়ে বিভাগীয় সম্পাদকদের কাছেও আবেদন জমা দেওয়া যাবে। প্রার্থীরা চাইলে সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়েও ফরম জমা দিতে পারবেন।
আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “তবে বিএনপি ও জামায়াতে ইসলামী যদি সংস্কার প্রক্রিয়ায় একত্র হয় এবং সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, তাহলে আমরা তাদের সঙ্গে জোট গঠনের বিষয়ে ইতিবাচক থাকব।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির, তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, আবদুল্লাহ আল আমিন, জহিরুল ইসলাম, আলাউদ্দিন মোহাম্মদ, হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও জাতীয় যুব শক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলাম।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর