ভেতরের খবর নিউজ ডেস্ক: নির্বাচনী আসন সমঝোতা নিয়ে চলমান আলোচনার মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা-১০ আসনের ভোটার হতে যাচ্ছেন।
আজ রোববার বিকেলে তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হিসেবে পরিচিত এই তরুণ উপদেষ্টার নতুন এই পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় জানানো হয়, আসিফ মাহমুদ বেলা তিনটায় ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে উপস্থিত থাকবেন এবং ধানমন্ডি থানার ভোটার হবেন।
ঢাকা-১০ নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এখনো এ আসনে প্রার্থী ঘোষণা করেনি, তবে জামায়াতে ইসলামী ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী করেছে।
এর আগে আসিফ মাহমুদ কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ভোটার ছিলেন। সে সময় তিনি ওই আসন থেকে নির্বাচন করতে পারেন এমন আলোচনা চলেছিল। সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে তিনি সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে প্রার্থী হতে পারেন। এখন এই আসনে ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির একজন হিসেবে তিনি “কমপ্লিট শাটডাউন” কর্মসূচির ঘোষণাকারী ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি যোগ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র আসিফ মাহমুদ ছাত্র অধিকার পরিষদ ও পরবর্তীতে গণতান্ত্রিক ছাত্রশক্তির সক্রিয় নেতা ছিলেন। বর্তমানে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পলিসি অ্যান্ড গভর্ন্যান্স বিষয়ে স্নাতকোত্তর করছেন।
@ইয়াসমিন রিমা